Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির, আতঙ্কে জেলেরা - Chief TV

বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির, আতঙ্কে জেলেরা - Chief TV

2026-09-16  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  37 views
বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির, আতঙ্কে জেলেরা - Chief TV

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে ১২ থেকে ১৩ ফুট দীর্ঘ একটি বিশাল কুমিরের দেখা মিলেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় কুমিরটির বিচরণ দেখতে পান স্থানীয়রা। এরপর থেকেই নদপাড়ের বাসিন্দা ও জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে হঠাৎ নদীর পানিতে বড় আকৃতির কুমিরটি ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নদপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। কুমিরটির বিশাল আকৃতি দেখে অনেকেই দ্রুত নদী থেকে দূরে সরে যান।

বলেশ্বর নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন স্থানীয় অনেক মৎস্যজীবী। কুমিরটির উপস্থিতিতে নদীতে মাছ ধরা, গোসলসহ দৈনন্দিন কাজে পানিতে নামা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেকেই নদীতে নামতে সতর্কতা অবলম্বন করছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান কুমিরটির বিচরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের আলীবান্দা পর্যটনকেন্দ্রের আশপাশে এ ধরনের বড় কুমিরের বিচরণ দেখা যায়। মাঝেমধ্যে কুমিরগুলো বনের সীমানা পেরিয়ে শরণখোলা ও বগী ভাড়ানি এলাকার দিকে চলে আসে এবং পরে আবার বনে ফিরে যায়।

বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করতে মাইকিং ও মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরার পাশাপাশি নদীতে নেমে গোসল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বগী বন স্টেশনের বনরক্ষীদের কুমিরটির গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখতে বলা হয়েছে। কুমিরটি যাতে লোকালয়ের মানুষের জন্য ঝুঁকি তৈরি না করে এবং একই সঙ্গে বন্য প্রাণীটির নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়, সে বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে বন বিভাগ।


Share: