Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত - Chief TV

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  28 views
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত - Chief TV

রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাসফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন তাসফিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এনাম আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে গিয়ে তাসফিয়ার মরদেহ দেখতে পান। ঘাতক বাস ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।

স্বজনেরা জানান, তাসফিয়া আহমেদ তিশা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন। রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাসফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।


Share: