Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / চাঁদা আদায়ের অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে অটোরিকশা মালিক সমিতি - Chief TV

চাঁদা আদায়ের অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে অটোরিকশা মালিক সমিতি - Chief TV

2026-09-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  32 views
চাঁদা আদায়ের অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে অটোরিকশা মালিক সমিতি - Chief TV

নওগাঁয় ব্যাটারিচালিত চার্জার অটোরিকশা-ভ্যান শ্রমিকদের অবৈধ চাঁদা আদায়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ সদর উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান মালিক সমিতি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু, প্রচার সম্পাদক পলাশ ও দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নওগাঁ মুক্তি মোড়ে ব্যাটারিচালিত চার্জার অটোরিকশা-ভ্যান শ্রমিকরা মালিক সমিতির বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ এনে মানববন্ধন করেন। তবে শ্রমিকদের দেওয়া এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে মালিক সমিতি।

সংগঠনটির দাবি, শ্রমিকদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা হচ্ছে না। শুধুমাত্র প্রকৃত গাড়ির মালিকের কাছ থেকে সংগঠনে ভর্তি বাবদ রসিদ দিয়ে ২০০ টাকা নেওয়া হয়। এই বিষয়টি শ্রমিকদের ভুল বুঝিয়ে কিছু শ্রমিক সংগঠনের সদস্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, মালিক সমিতিতে ভর্তি বাবদ ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে—এমন তথ্যও সঠিক নয়। সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোনো অর্থ আদায় করা হচ্ছে না বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

এ সময় মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন, তাদের কয়েকটি শাখা কার্যালয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে শ্রমিকদের পক্ষ থেকে করা অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ এবং মালিক সমিতির পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


Share: