Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / চুরির দিকে আমাদের সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে: বিএফইউজে সভাপতি - Chief TV

চুরির দিকে আমাদের সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে: বিএফইউজে সভাপতি - Chief TV

2026-09-17  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  24 views
চুরির দিকে আমাদের সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে: বিএফইউজে সভাপতি - Chief TV

ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন তো দূরের কথা, অনেক সাংবাদিক আদৌ বেতন পান কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য পারিশ্রমিক না দিলে তাদের চুরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা পরিষদ মিলনায়তনে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (এনপিইউজে) আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন তো দূরের কথা, অনেক সাংবাদিক টাকা পান কি না, আদৌ সেটাই বিশ্বাস হয় না। এই অবস্থা যদি হয়, তাহলে তো চুরির দিকে আমাদের সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, এই অবস্থা থেকে আমরা বাঁচতে চাই।’

গণমাধ্যমের পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের ভাগ্য পরিবর্তনের বিষয়টি জড়িত উল্লেখ করে বিএফইউজে সভাপতি বলেন, গণমাধ্যমের অবস্থা ভালো হলে সাংবাদিকদের ভাগ্যেরও পরিবর্তন হবে। আর সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হলে এর সুফল পুরো রাষ্ট্র পাবে। গণতন্ত্রকে স্থায়ী করতে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র এবং গণমাধ্যম একসঙ্গে যায়। গণমাধ্যম যদি অন্ধকারে যায়, এ দেশের গণতন্ত্রও অন্ধকারে চলে যাবে।’

রাষ্ট্রের প্রতিনিধিদের উদ্দেশে ওবায়দুর রহমান শাহীন বলেন, দেশে গণতন্ত্র চালু রাখতে হলে গণমাধ্যম এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রতি নজর দিতে হবে। শুধু বিভিন্নভাবে সামান্য অর্থ দিয়ে গণমাধ্যম টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিক যাতে নিজের চলার খরচ এবং পরিবারের ব্যয় নির্বাহ করে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন, সে অনুযায়ী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো থেকে তাদের পারিশ্রমিক নিশ্চিত করা প্রয়োজন। যেসব গণমাধ্যম সাংবাদিকদের ন্যায্য পারিশ্রমিক দেয় না, তাদের দেওয়া সরকারি সহায়তা বন্ধ করার বিষয়টিও বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন সভাপতিত্ব করেন। ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরফিনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য দেন।


Share: