Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন - Chief TV

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  40 views
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন - Chief TV

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর-বিতর্কের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের নিষ্পত্তি হলো।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে করসংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের দাবির পরিমাণ কয়েকশ কোটি টাকা। এর বাইরে শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাগুলোর একটি অংশ ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে দায়ের করা হয়েছিল। ওই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। দীর্ঘ সময় পর এসব মামলার কয়েকটির নিষ্পত্তি হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছে।

গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। এ রায়কে ঘিরে অবশ্য দুই পক্ষের ভিন্ন বক্তব্য রয়েছে। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, এসব মামলার মাধ্যমে তার মক্কেলকে জনসমক্ষে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তার অভিযোগ, বর্তমান সরকারও আগের সরকারের মতো একই পথে এগোচ্ছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, মামলাগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, তার বাইরে যাওয়ার সুযোগ রাষ্ট্রপক্ষের নেই।

সর্বশেষ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ফলে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত বিরোধের পাশাপাশি ড. ইউনূসকে ঘিরে বিচারাধীন অন্যান্য মামলার পরিণতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


Share: