Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ / ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু - ChiefTV

ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু - ChiefTV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  48 views
ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু - ChiefTV

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।

আব্দুল মুত্তালিব গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের মৃত জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ছাত্রশিবিরের সাথী হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন।

আব্দুর রহমান জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আব্দুল মুত্তালিবকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক জমির মো. হাসিবুস সাত্তার জানান, আব্দুল মুত্তালিবকে ডেঙ্গু ওয়ার্ডে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার ছুটির দিনেও চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। এ সময় মুত্তালিব তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান এবং রাজশাহীতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল মুত্তালিবের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দায়িত্বশীল সাথী ও ক্যাম্পাস সভাপতি হিসেবে মুত্তালিব সংগঠনের কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

তার বিনয়ী আচরণ এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও বিবৃতিতে স্মরণ করা হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেন।


Share: