Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ডেঙ্গুতে গর্ভের সন্তান নিয়েই না ফেরার দেশে অর্পিতা - Chief TV

ডেঙ্গুতে গর্ভের সন্তান নিয়েই না ফেরার দেশে অর্পিতা - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  39 views
ডেঙ্গুতে গর্ভের সন্তান নিয়েই না ফেরার দেশে অর্পিতা - Chief TV

চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ নামে ২৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার অনাগত সন্তানও বাঁচেনি।

নিহত অর্পিতা দাশ নগরীর পাথরঘাটা এলাকার সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, অর্পিতাকে বৃহস্পতিবার হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গুর জটিলতায় আক্রান্ত ছিলেন এবং সন্তানসম্ভবা ছিলেন।

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্পিতা দাশ নামে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। ডেথ রিভিউ প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অর্পিতার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Share: