সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালকসহ চারজনই নিহত হন।
নিহত সিলেটের দুই প্রবাসী হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। তাঁদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। স্বজনদের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে লাগেজ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। তবে পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান।
দুই প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটের লামার তালুক গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে গভীর শোক।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এর মধ্যেই আবারও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে।