Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / দুর্ঘটনার পরও দায়িত্বে অটল ইউএনও মেহেদী হাসান - Chief TV

দুর্ঘটনার পরও দায়িত্বে অটল ইউএনও মেহেদী হাসান - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  45 views
দুর্ঘটনার পরও দায়িত্বে অটল ইউএনও মেহেদী হাসান - Chief TV

সড়ক দুর্ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত ও নিজে আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব থেকে বিরত থাকেননি হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে তিনি হবিগঞ্জে জেলা প্রশাসনের নির্ধারিত সভায় অংশ নিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেট এলাকায় ইউএনওকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ইউএনও মেহেদী হাসান ও গাড়িচালক হেলাল মিয়া আহত হন। দুর্ঘটনায় সরকারি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর এক্স-রেও করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসানের আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসনের সভায় যোগ দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, তিনি দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। ইউএনও তেমন আহত হননি বলেও জানতে পেরেছেন তিনি।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মাধবপুর থানায় আটক রাখা হয়েছে। ঘটনার কারণ ও দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।


Share: