প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে সারা দেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যেই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোটের মাধ্যমে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন বলে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা রয়েছে।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লিমন মাহমুদ।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌসের নামও আলোচনায় এসেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের আরও কয়েকজন নেতা এসব পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।