মাদারীপুর সদর উপজেলায় আইভি আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইভি আক্তার একই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভি। প্রায় এক বছর আগে পরিবারের অসম্মতিতে কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে চলে যাওয়ায় আইভি চাচার বাড়িতে বেড়াতে যান।
মঙ্গলবার সন্ধ্যায় আইভির চাচা নামাজ পড়তে বাইরে যান। একই সময়ে তার স্ত্রী চিকিৎসকের কাছে যেতে মাদারীপুর শহরে যান। এ সুযোগে বাড়িতে একা থাকা আইভিকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ। এ সময় তার ঘরে থাকা একটি আইফোনও নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রাত ৮টার দিকে বাড়িতে ফিরে চাচা কালাম শরীফ আইভিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
আইভির চাচা কালাম শরীফ বলেন, বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি মূল গেটে বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিলেন। ফিরে এসে গেট ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে ঘরে গিয়ে ভাতিজির মরদেহ দেখতে পান। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তিনি জানেন না। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আইভির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে। চুরি, ব্যক্তিগত বিরোধসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।