চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে আলাউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন আলাউদ্দিন। এতে শিক্ষার্থী ও তার পরিবার সমস্যায় পড়ে।
পরে শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রধান শিক্ষকের সহযোগিতায় আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর বিদ্যালয় ক্যাম্পাসেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, মেয়েটির মা বিষয়টি তাকে জানানোর পর প্রশাসনকে অবহিত করা হয়।
বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হোসেন মোল্লা লিটন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, দণ্ডবিধির ৫০৯ ধারায় আলাউদ্দিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেন।