Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ - Chief TV

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  36 views
জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ - Chief TV

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তানের উদ্দেশে যাত্রা করা ২৪০ যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজ জাহাজটির সন্ধানে বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জরুরি উদ্ধারকারী দল।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানা যায়। দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর তারা পেয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।

বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জানান, নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধারকেন্দ্র স্থাপন করা হয়েছে।

জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল। তবে এখন পর্যন্ত জাহাজটির ২৪০ যাত্রীর বিষয়ে কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকারী দল জাহাজটির অবস্থান শনাক্ত ও যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।


Share: