Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশুকে হত্যা - Chief TV

জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশুকে হত্যা - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  28 views
জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশুকে হত্যা - Chief TV

ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জলপাই কুড়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তহসিন। পরে তাকে নিজের বসতঘরে নিয়ে নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে শাবল দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি জঙ্গলে ফেলে রাখার অভিযোগ রয়েছে। এদিকে পরিবারের সদস্যরা শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তহসিনের কাছে শিশুটির বিষয়ে জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর ঘটনার বিষয়ে তথ্য দিয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


Share: