সিলেট নগরীতে চুরির অভিযোগে এক কিশোরীকে কোমরে শিকল বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিকল বাঁধা অবস্থায় কিশোরীকে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় তাকে কাঁদতেও দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই কিশোরীকে আটক করেন। পরে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে মধ্যরাতে সড়কে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুরির অভিযোগের বিষয়ে পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতন এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে এসেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোরীকে এভাবে শিকল পরিয়ে নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।