Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / লাখ টাকার মাদকসহ সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক - Chief TV

লাখ টাকার মাদকসহ সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক - Chief TV

2026-09-10  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  95 views
লাখ টাকার মাদকসহ সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মাদক, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হলেও অভিযানের সময় তার স্বামী শাহীন আলম (৩৮) পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভোরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে শাহীন আলমের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির হিসাবে, উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে শাহীন আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শাহীন আলম দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, শাহীন আলম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক উম্মে হাবিলাকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ উম্মে হাবিলাকে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।


Share: