Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট ডিএজির : রুমিন ফারহানার অভিযোগ - Chief TV

‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট ডিএজির : রুমিন ফারহানার অভিযোগ - Chief TV

2026-09-14  ডেস্ক রিপোর্ট  39 views
‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট ডিএজির : রুমিন ফারহানার অভিযোগ - Chief TV

ফেসবুকে স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘লেডি মীরজাফর’ উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে তিনি এ নালিশ জানান।

আদালত সূত্রে জানা যায়, ওই বেঞ্চের কার্যতালিকায় থাকা একটি মামলায় আইনজীবী হিসেবে শুনানির জন্য উপস্থিত ছিলেন রুমিন ফারহানা। মামলাটিতে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন। মামলাটি শুনানির জন্য ওঠার পর রুমিন ফারহানা ডিএজির দেওয়া ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন।

তিনি আদালতকে বলেন, নজরুল ইসলাম ছোটন তার প্রতি ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ কারণে তিনি যেন তার কোনো মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি না করেন, আদালতের কাছে সেই আবেদন জানান। তার আশঙ্কা, ব্যক্তিগত ক্ষোভের কারণে রাষ্ট্রপক্ষের শুনানিতে তার মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এরপর আদালত নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটির শুনানি করতে বলেন। শুনানিতে সহকারী অ্যাটর্নি জেনারেল মামলার আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলার তথ্য তুলে ধরেন।

এদিকে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

অভিযোগে রুমিন ফারহানা দাবি করেন, গত ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে নজরুল ইসলাম ছোটন আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। ওই পোস্টে তাকে ‘লেডি মীরজাফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা অভিযোগে আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রদান গ্রহণযোগ্য নয়। এতে একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পেশাদারিত্ব ও ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন রুমিন ফারহানা।

অভিযোগ ও আদালতে দেওয়া বক্তব্যের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share: