বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প আবারও আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের নানা ঘটনা নিয়ে সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক। তাঁর বর্ণনায় উঠে এসেছে রণবীরের সঙ্গে সাংবাদিকদের এক নাটকীয় ঘটনার কথাও।
সাবেক ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের বিষয়টি তখন গোপন রাখার চেষ্টা চলছিল। এক রাতে খবর আসে, ক্যাটরিনার বাড়িতে যাচ্ছেন রণবীর। খবর পেয়ে গভীর রাতেই সেখানে অবস্থান নেন সাংবাদিকরা।
রাত ১টা ৩২ মিনিটের দিকে ক্যাটরিনার বাড়ি থেকে বের হন রণবীর। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই আবার ফিরে আসেন অভিনেতা।
এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরার ব্যাগ ও শব্দ ধারণের সরঞ্জাম নিয়ে নেন রণবীর। তবে সাংবাদিকরা সরঞ্জামগুলো ফেরত দেওয়ার জন্য দৃঢ় অবস্থান নিলে শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হন তিনি।
সাবেক ওই সাংবাদিক আরও জানান, আরেকবার একটি শেষকৃত্য থেকে ফেরার সময় ক্যাটরিনার বাসায় রণবীরের গোপনে প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন তারা। সেবারও পরিস্থিতি বেশ কৌশলে সামলে নিয়েছিলেন রণবীর।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের শুরু ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।
বর্তমানে দুজনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। রণবীর কাপুর বিয়ে করেছেন আলিয়া ভাটকে, আর ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী ভিকি কৌশল। তবে একসময় গোপনে চলা তাদের প্রেমের নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের কৌতূহলের বিষয় হয়ে আছে।