সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এতে প্রায় ২৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতা মো. মাইনুদ্দিন জানান, হঠাৎ ঝড়ের তাণ্ডবে আমানিপুর গ্রামের প্রায় ২৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, আকস্মিক ঝড়ে আমানিপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি প্রশাসনের কাছে পাঠানো হবে, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত আর্থিক সহায়তা পান।
স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে গ্রামের কাঁচা ও টিনের ঘরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে অনেক গাছপালা। ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
ঘটনার খবর পেয়ে মধ্যনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।