পবিত্র মক্কা নগরীর দক্ষিণে হুথিদের ড্রোন হামলার অভিযোগ করেছে সৌদি আরব। এ ঘটনায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী কাবা শরিফের কারণে সম্মানিত ও মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
তিনি বলেন, হামলাকারী হুথি হোক কিংবা অন্য কেউ—এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
তুর্কি আল-মালিকির দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকেও সৌদি নেতৃত্বাধীন জোট হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছিল।
তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা হাজেম আল-আসাদ সৌদির অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছেন, মক্কাকে লক্ষ্য করে হামলার দাবি ভিত্তিহীন।
ফলে ড্রোনটির প্রকৃত উৎস ও উদ্দেশ্য নিয়ে সৌদি আরবের দাবি এবং হুথিদের বক্তব্য পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।