Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / মৃত ব্যক্তিসহ নিরপরাধদের বিরুদ্ধে মামলা, সড়ক অবরোধ - Chief TV

মৃত ব্যক্তিসহ নিরপরাধদের বিরুদ্ধে মামলা, সড়ক অবরোধ - Chief TV

2026-09-17  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  23 views
মৃত ব্যক্তিসহ নিরপরাধদের বিরুদ্ধে মামলা, সড়ক অবরোধ - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জব্দের ঘটনায় মৃত ব্যক্তি ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি দল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই ইউনিয়নের তহশীলদার মানিক চন্দ্র বর্মন বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মামলায় স্থানীয় নিরপরাধ ও মৃত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন এবং প্রকৃত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ ও মৃত ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান।

পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরপরাধ ও মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগেরও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রেজার জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে থানা থেকে মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। বিষয়টি আদালতের এখতিয়ারাধীন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গেছেন। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগের বিষয়ে কাগজপত্র দেখে বিস্তারিত বলা সম্ভব হবে।


Share: