মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে মুজিবনগর-মেহেরপুর সড়কের জৈনেক আহমদ হুজুরের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা থেকে খাবার খেতে বাড়িতে আসে নাবিল। খাবার খেয়ে সাইকেলে করে আবার মাদ্রাসার উদ্দেশে রওনা দেয় সে। পথে জৈনেক আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে নাবিল সড়কে পড়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে মুজিবনগর থানা পুলিশ। তবে মোটরসাইকেল ও ট্রাকের চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পলাতক দুই চালককে শনাক্তের কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।