Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / নিরাপত্তায় বসানো হলো ৩০ সিসি ক্যামেরা - Chief TV

নিরাপত্তায় বসানো হলো ৩০ সিসি ক্যামেরা - Chief TV

2026-09-10  এম এ মান্নান,সুনামগঞ্জ প্রতিনিধি:  45 views
নিরাপত্তায় বসানো হলো ৩০ সিসি ক্যামেরা - Chief TV

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারে নিরাপত্তা জোরদারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা স্থাপন করা হয়।

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী এ বাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। বাজারে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবে হায়াত বলেন, মহিষখলা বাজারটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এখানে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ আরও নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।

আবুল বাশার বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে অপরাধ কমার পাশাপাশি ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রত্যাশা করেন তিনি।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, সীমান্তবর্তী এই বাজারে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব ছিল। সিসি ক্যামেরা স্থাপনের ফলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরাও বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের নিরাপত্তা আরও জোরদার হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের শনাক্ত করা সহজ হবে।


Share: