বাংলা সংগীতাঙ্গনে মাইনুল আহসান নোবেলের আবির্ভাব হয়েছিল ব্যাপক সম্ভাবনা নিয়ে। কলকাতার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের মঞ্চে আলোচনায় আসা থেকে শুরু করে চলচ্চিত্রের গান ও দেশের বিভিন্ন স্থানে কনসার্ট—ক্যারিয়ারের শুরুর দিকে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তবে পরবর্তী সময়ে নানা বিতর্ক ও অনিয়মের কারণে সেই সম্ভাবনাময় পথ অনেকটাই থমকে যায়।
নোবেলের এমন পরিণতিতে আক্ষেপ প্রকাশ করেছেন ব্যান্ডতারকা আশিকুজ্জামান টুলু। নোবেলের কণ্ঠ ও গায়কীর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নোবেলের মতো প্রতিভাবান একজন শিল্পী নিজের কারণেই নষ্ট হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া ওই বার্তায় টুলু নোবেলের গাওয়া ‘অভিনয়’ ও ‘কী আগুন জ্বলছে বুকে’ গান দুটির প্রসঙ্গ টেনে তার গায়কী, কণ্ঠের বৈশিষ্ট্য ও পরিবেশনের দক্ষতার প্রশংসা করেন।
টুলু বলেন, নোবেলের মধ্যে এমন প্রতিভা ছিল, যা তাকে সংগীতের আরও অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারত। তিনি যদি নিজের ক্যারিয়ার নিয়ে আরও সিরিয়াস থাকতেন, তাহলে তার পক্ষে অসাধারণ কিছু করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন এই ব্যান্ডতারকা।
প্রায় পাঁচ বছর আগে প্রকাশিত নোবেলের ‘অভিনয়’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই সময়ের নোবেলের প্রতিভার কথা স্মরণ করেই টুলু নিজের হতাশার কথা জানান।
নোবেলের বর্তমান অবস্থার জন্য আক্ষেপ প্রকাশ করে টুলু আরও বলেন, এত সুন্দর গায়কী ও সম্ভাবনা থাকার পরও একজন শিল্পীকে এভাবে হারিয়ে যেতে দেখা সত্যিই কষ্টের।