প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেপ্তার করেছে ডাসার থানা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেখ মঞ্জু এলাহি ডাসার উপজেলার গোপালপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রথম স্ত্রী সোমা এলাহি।
মামলাটির পরিপ্রেক্ষিতে আদালত শেখ মঞ্জু এলাহির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানা পুলিশের একটি দল গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই শেখ মঞ্জু এলাহিকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।