Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা - Chief TV

সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা - Chief TV

2026-09-14  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  44 views
সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা - Chief TV

পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। এরই ধারাবাহিকতায় ছানি অপারেশনের জন্য নির্বাচিত প্রথম ধাপের ৮৪ জন রোগীকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

১৪ সেপ্টেম্বর প্রথম ধাপে এসব রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়। গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

চিকিৎসা শিবিরে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ১৫৫ জন রোগীকে শনাক্ত করা হয়। পর্যায়ক্রমে এসব রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৮৪ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রথম ধাপে চট্টগ্রামে পাঠানো রোগীদের মধ্যে ৪৬ জন পাহাড়ি ও ৩৮ জন বাঙালি জনগোষ্ঠীর। তাঁদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৫০ জন নারী রয়েছেন। জাতি, ধর্ম ও বর্ণের পার্থক্য না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও বাড়াতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেবে। চিকিৎসা শেষে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তাঁদের নিরাপদে আবার খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রামে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের যাতায়াতের বাড়তি ভোগান্তি পোহাতে হবে না।

সেনাবাহিনীর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন পার্বত্য এলাকার সাধারণ মানুষ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, চক্ষু চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক সহায়তার মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া শুধু চিকিৎসা কার্যক্রম নয়, বরং জীবনমান উন্নয়ন ও পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


Share: