Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়, শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী - Chief TV

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়, শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী - Chief TV

2026-09-11  মোঃ হাসান মাহমুদ জয় কুড়িগ্রাম প্রতিনিধি  104 views
শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়, শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী - Chief TV

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে তীব্র শিক্ষার্থী সংকটে পড়েছে। বিদ্যালয়টিতে ১৫ থেকে ২০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত থাকলেও সেই তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে উপস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষার্থী সংকটের পাশাপাশি বিদ্যালয়টির বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানোর অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় পাশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।

অভিযোগ রয়েছে, এসব শিক্ষার্থী সারা বছর সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও পরীক্ষার সময় মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নামে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়। প্রতি বছরই এমন ঘটনা ঘটছে বলেও দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

বিদ্যালয়টির শিক্ষার্থী সংকটের পেছনে আরেকটি বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সন্তানদের একটি বড় অংশও এখানে পড়াশোনা না করে আশপাশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। ফলে শিক্ষক-কর্মচারীরাই যদি নিজেদের সন্তানদের জন্য কর্মস্থলের বিদ্যালয়ের ওপর আস্থা না রাখেন, তাহলে সাধারণ অভিভাবকদের সন্তানদের সেখানে ভর্তি করানোর আগ্রহ কমে যাওয়াটা স্বাভাবিক বলে মনে করছেন তারা।

স্থানীয়দের মতে, বিদ্যালয়ের পাঠদানের মান, পরিবেশ ও ব্যবস্থাপনার নানা ঘাটতির কারণেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বাড়ির কাছে বিদ্যালয় থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী প্রতিদিন নাগেশ্বরী উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করছে।

সচেতন মহল বলছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পর্যাপ্ত শিক্ষক বা অবকাঠামো থাকলেই শিক্ষার্থী ধরে রাখা সম্ভব নয়। মানসম্মত পাঠদান, নিয়মিত শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং অভিভাবকদের আস্থা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে শিক্ষার্থীরা বিকল্প প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবে, যা মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী সংকটের কারণে একদিকে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম প্রশ্নের মুখে পড়েছে, অন্যদিকে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের মতো অভিযোগও সামনে আসছে। বিষয়গুলো সঠিকভাবে তদন্ত না হলে প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হবে না।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংকট, পাঠদান পরিস্থিতি, শিক্ষক-কর্মচারীদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে অধ্যয়ন এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, স্থানীয় শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন তদন্ত করে প্রকৃত পরিস্থিতি বের করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কারণ, বাড়ির পাশে বিদ্যালয় থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেটি শুধু শিক্ষার্থী সংকট নয়, বরং প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থার সংকটেরও ইঙ্গিত।


Share: