নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আব্দুল গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কুলছুমার লাগানো শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করলে সাইফুল ও তার বোনদের সঙ্গে কুলছুমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। তাদের দাবি, চিকিৎসার কথা বলে প্রথমে ৫ হাজার টাকা দেওয়া হয় এবং পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনাটি প্রকাশ না করতে বলা হয়। তবে প্রতিশ্রুত টাকা না দেওয়া এবং কুলছুমার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার কয়েকদিন পর পুলিশ বিষয়টি জানতে পারে। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।