Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন - Chief TV

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  31 views
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন - Chief TV

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়।

এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সংখ্যাও তুলনামূলক কম রাখা হয়েছে। ছোট প্রতিনিধিদল নিয়ে সংক্ষিপ্ত এ সফরের মধ্য দিয়ে সরকারের কৃচ্ছ্রসাধনের নীতি তুলে ধরা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রতিরোধ ও পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া অধিবেশনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে পৃথক আলোচনার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও প্রস্তুতি রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং পরে ২৮ সেপ্টেম্বরও চলবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।


Share: