Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ - Chief TV

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ - Chief TV

2026-09-11  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  50 views
সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ - Chief TV

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা। শুক্রবার ভোরে শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নারিকেলবাড়িয়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হলে ট্রলারে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি সেটি বনের পাড়ে ভিড়িয়ে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে চার বস্তা ভর্তি বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করা হয়। বনরক্ষীদের ধারণা, ফাঁদগুলো ব্যবহার করে সুন্দরবনের ভেতরে হরিণ শিকারের প্রস্তুতি নিয়েছিল চক্রটি।

অভিযানের সময় সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে বনরক্ষীরা দ্রুত সেটিকে নিরাপদে শেলারচরে নিয়ে আসেন। তল্লাশিতে ফাঁদগুলো উদ্ধার করা হলেও ট্রলারে থাকা বরফসহ কিছু সরঞ্জাম পানিতে ভেসে যায়।

শিকারীরা ট্রলারে বরফ ও শিকারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে সমুদ্রপথে সুন্দরবনে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানিয়েছে বন বিভাগ। বিপুলসংখ্যক ফাঁদ উদ্ধারের ঘটনায় বনরক্ষীরা ধারণা করছেন, বড় পরিসরে হরিণ শিকারের পরিকল্পনা ছিল তাদের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। পালিয়ে যাওয়া শিকারীদের শনাক্ত ও আটকের জন্য বন বিভাগের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে এবং অবৈধ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: