Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য - Chief TV

টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  48 views
টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য - Chief TV

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনালী ব্যাংকের ঘাঘর শাখায় এক নারী ক্যাশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা সরিয়ে রাখার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর বিষয়টি সামনে আসে বলে ব্যাংক সূত্র ও গ্রাহকের দাবি। ঘটনাটি জানাজানি হলে ব্যাংক ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আল-আমিন শেখ নামে এক গ্রাহক হজে যাওয়ার উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা জমা দিতে ঘাঘর বাজার শাখায় যান। তিনি টাকা ব্যাংকের ক্যাশ কর্মকর্তা ফৈজিয়া হকের কাছে জমা দেন।

টাকা গণনার পর ফৈজিয়া হক জানান, জমা দেওয়া টাকার মধ্যে চার হাজার পাঁচশ টাকা কম রয়েছে। তবে আল-আমিন শেখ দাবি করেন, তিনি পুরো পাঁচ লাখ টাকাই দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরে আল-আমিন শেখ ব্যাংক ব্যবস্থাপক ফয়সাল হোসেনের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানান। এরপর ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গ্রাহক পুরো পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন এবং ক্যাশ কর্মকর্তা পাঁচশ টাকার নয়টি নোট আলাদা করে সরিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে।

আল-আমিন শেখ বলেন, হজে যাওয়ার জন্য তিনি ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা দিতে গিয়েছিলেন। পরে তাকে জানানো হয়, সাড়ে চার হাজার টাকা কম রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তার দেওয়া টাকার হিসাবের বিষয়টি পরিষ্কার হয়। এর আগেও একই কর্মকর্তার বিরুদ্ধে তার দুই হাজার টাকা সরিয়ে রাখার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ক্যাশ কর্মকর্তা ফৈজিয়া হক বলেন, ব্যাংকে অতিরিক্ত ভিড় থাকায় ভুলবশত এমন ঘটনা ঘটেছে। পরে তিনি গ্রাহকের চার হাজার পাঁচশ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন।

সোনালী ব্যাংক ঘাঘর শাখার ব্যবস্থাপক ফয়সাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে সাময়িক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রাহকের টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাংকের সেবাব্যবস্থা ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


Share: