সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন শিল্পী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।
সন্ধ্যার আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে ফেরার সময় আশিষ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তার মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে থাকা ব্যক্তিদের খবর দেন। পরে তাকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর স্পিডবোটে করে আশিষকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘হৈমন্তী’ হাউসবোটের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, সকালে ছয়জন পর্যটক বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘোরার পর বিকেলে ট্যাকেরঘাটে গিয়ে শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন। সেখান থেকে ফেরার পথে আশিষ অসুস্থ হয়ে পড়েন।
নিহতের বন্ধু রাজ শেখর বণিক জানান, আশিষকে দেখতে না পেয়ে তারা ফোন করেন। পরে তার ফোন থেকেই তাদের জানানো হয় যে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।