Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ট্রেন্ডিং / যেখানে ৯০০ টাকা দিলেই পাবেন সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ - Chief TV

যেখানে ৯০০ টাকা দিলেই পাবেন সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  43 views
যেখানে ৯০০ টাকা দিলেই পাবেন সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ - Chief TV

মানসিক চাপ, একাকিত্ব কিংবা সারাদিনের ক্লান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ নানা উপায় খোঁজেন। তবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন এক ব্যতিক্রমী প্রবণতা আলোচনায় এসেছে, যেখানে অর্থের বিনিময়ে পেশিবহুল কিন্তু শান্ত ও যত্নশীল পুরুষের কাছ থেকে কয়েক মিনিটের আলিঙ্গন নিচ্ছেন তরুণীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পুরুষদের ‘ম্যান মাম’ নামে অভিহিত করা হচ্ছে। শব্দটির ব্যবহারও সময়ের সঙ্গে বদলেছে। আগে সাধারণত পেশিবহুল ও শরীরচর্চা করা পুরুষদের বোঝাতে শব্দটি ব্যবহৃত হলেও বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে কোমলতা, ধৈর্য ও যত্নশীলতার বিষয়টি। অর্থাৎ শক্তপোক্ত চেহারার আড়ালে শান্ত ও সান্ত্বনা দিতে সক্ষম পুরুষকেই বোঝানো হচ্ছে ‘ম্যান মাম’ হিসেবে।

জানা যায়, এক তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই প্রবণতার বিস্তার ঘটে। পড়াশোনা ও গবেষণার কাজের চাপ সামলাতে তিনি একজন ভদ্র ও পেশিবহুল পুরুষের কাছ থেকে পাঁচ মিনিটের আলিঙ্গন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, এমন আলিঙ্গন তাকে অতীতে নিরাপদ ও স্বস্তিদায়ক অনুভূতি দিয়েছিল।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সেখানে এক লাখের বেশি মন্তব্য জমা পড়ে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের সঙ্গী খোঁজার পোস্টও বাড়তে থাকে।

এটি কোনো আনুষ্ঠানিক বা নিয়ন্ত্রিত পেশা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে আগ্রহী পুরুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়। এরপর ভদ্রতা, ধৈর্য, শারীরিক গঠন ও স্বভাবের মতো বিষয় বিবেচনা করে কাউকে বেছে নেওয়া হয়।

নিরাপত্তার কথা বিবেচনায় সাধারণত মেট্রোস্টেশন বা বিপণিবিতানের মতো জনসমাগমপূর্ণ স্থানে এসব সাক্ষাৎ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আলিঙ্গনেই বিষয়টি সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়। পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য সাধারণত ২০ থেকে ৫০ ইউয়ান পর্যন্ত নেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ টাকার কাছাকাছি।

এই সেবার সঙ্গে যুক্ত কয়েকজন পুরুষ জানিয়েছেন, অন্যের মুখে স্বস্তি ও প্রশান্তি দেখতে পাওয়ার মধ্যেও তারা এক ধরনের আত্মতৃপ্তি খুঁজে পান। আবার কেউ কেউ জানিয়েছেন, অনেক নারী চেহারা নিয়ে উদ্বেগ, পড়াশোনা কিংবা কাজের চাপের মতো বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে চান।

এই প্রবণতার পেছনে শহুরে জীবনের একাকিত্ব, ব্যস্ত কর্মজীবন, পড়াশোনার চাপ এবং সম্পর্কের টানাপোড়েনকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিচিতজনের বাইরে অপরিচিত কারও কাছ থেকে অল্প সময়ের জন্য পাওয়া সান্ত্বনাও অনেকের কাছে মানসিক স্বস্তির কারণ হয়ে উঠছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের আলিঙ্গনকে কোনোভাবেই মানসিক চিকিৎসা বা পেশাদার পরামর্শের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। অপরিচিত মানুষের সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন কিংবা হয়রানির ঝুঁকিও রয়েছে।

চীনের ‘ম্যান মাম’ প্রবণতা তাই শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ব্যতিক্রমী আয়োজন নয়; বরং আধুনিক শহুরে জীবনে একাকিত্ব, মানসিক চাপ এবং মানুষের আবেগগত সংযোগের প্রয়োজন কতটা বাড়ছে, তারও একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।


Share: