Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি, আতঙ্কে খামারি - Chief TV

গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি, আতঙ্কে খামারি - Chief TV

2026-09-14  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  72 views
গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি, আতঙ্কে খামারি - Chief TV

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন হায়দার আলী। রাত ১টার পর কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে থাকা ৮টি গরু নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।

হায়দার আলীর ছেলে জাহিদ হাসান বলেন, এক রাতেই ৮টি গরু চুরি হয়ে যাওয়ায় তাদের পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। গরুগুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন।

একসঙ্গে ৮টি গরু চুরির ঘটনায় খুটিগাছা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডেইরি খামারি ও সাধারণ কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গবাদিপশু চুরি ঠেকাতে স্থানীয়রা নৈশপাহারা জোরদার এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।


Share: