Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, মামলা খারিজ হাইকোর্টে - Chief TV

হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, মামলা খারিজ হাইকোর্টে - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  18 views
হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, মামলা খারিজ হাইকোর্টে - Chief TV

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের জমা দেওয়া প্রতিবেদন বিবেচনায় নিয়ে মামলাটি খারিজ করেন। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত গত ২ জুন। কলকাতার ধর্মতলায় একটি রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তার বক্তব্যকে কেউ কেউ বাংলাদেশের তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে করা মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন। তবে মমতা জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করেননি।

মমতার ওই বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অভ্রতনু সরকার। মামলায় বক্তব্যের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। গত ১ সেপ্টেম্বর শুনানির সময় আদালত রাজ্য সরকারের কাছে মমতার বক্তব্য নিয়ে প্রতিবেদন তলব করেন। একই সঙ্গে মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে মমতার বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়নি বলে জানানো হয়। প্রতিবেদন পাওয়ার পর প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন।

এর আগে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালত জানতে চেয়েছিল, কোনো ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে প্রতিটি বিষয়ই জনস্বার্থ মামলা হিসেবে আদালতের সামনে আনা যায় কি না।


Share: