Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে - Chief TV

ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  28 views
ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে - Chief TV

মুঠোফোনে পরিচয়, এরপর নিয়মিত চ্যাটিং। একপর্যায়ে সেই যোগাযোগ গড়ায় প্রেমের সম্পর্কে। প্রায় দেড় বছর সম্পর্কের পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং। বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। আর ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গেলে সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।

ইভার ভাষ্য, প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই তাদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা করেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন।

সম্প্রতি জিয়াংকে নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান ইভা। সেখানে গত ১০ সেপ্টেম্বর আয়োজন করা হয় গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন শুক্রবার দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

ইভা বলেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। তাঁর বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল মেয়ের বিয়েতে বড় আয়োজন করার। সেই ইচ্ছা থেকেই গ্রামে এসে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে।

স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে ইভা জানান, জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন। বাকি কথাবার্তা অনুবাদ করার প্রযুক্তির মাধ্যমে হয়। জিয়াং পরিবারের সবার সঙ্গে সুন্দরভাবে মিশছেন। পাশাপাশি দেশীয় খাবার ও গ্রামের পরিবেশও তাঁর ভালো লেগেছে।

অনুবাদের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরেই ইভার সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন তিনি। ভবিষ্যতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান জিয়াং।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে জিয়াংকে তাঁরা মেনে নিয়েছেন। এক মাসের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে রয়েছেন। ইভার পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর স্ত্রীকে নিয়ে জিয়াং চীনে ফিরে যাবেন।

তবে জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে তাঁরা অবগত নন বলে জানিয়েছে পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।


Share: