আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুই দেশের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উঠে আসে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় এ ধরনের স্পর্শকাতর বিষয় স্বাভাবিকভাবেই উঠে আসে। তবে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের কথা বিবেচনায় বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর সম্ভাবনা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশটিকে আইনের শাসন বজায় রাখতে হবে। ভারত সরকারের প্রত্যর্পণের দাবির প্রেক্ষাপট মালয়েশিয়া বুঝতে পারছে। তবে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।
অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ২০১৬ সাল থেকে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই সময় ভারতীয় কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। পরবর্তী সময়ে মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।
ভারত সরকার এরই মধ্যে জাকির নায়েককে দেশে ফেরাতে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। তবে মালয়েশিয়ার অবস্থান হলো, নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে প্রচলিত আইনি ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাবে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল প্রত্যাখ্যান করেছিল।