খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জলিলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার সময় একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। গুলির শব্দ শুনে পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জলিল মাদক সেবন করতেন। এছাড়া তার কাছে কারও চাঁদা দাবির তথ্যও পাওয়া গেছে। মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।