Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিলেন মোবারক - Chief TV

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিলেন মোবারক - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  38 views
কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিলেন মোবারক - Chief TV

চাঁদপুরের মতলব দক্ষিণে এক কিশোরীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক হোসেন সরদার (৫২) নামে এক চা দোকানিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই এলাকায় চা, বিস্কুট ও রুটির দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে মোবারকের বিরুদ্ধে। পরে ঘটনাটি কাউকে না জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হয়।

এরপর শুক্রবার সকালে কিশোরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মোবারকের বিরুদ্ধে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নঈমুল ইসলাম রাজিব জানান, স্থানীয়দের মারধরে মোবারকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ঘটনার কারণে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবারটি উদ্বিগ্ন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: