ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারা রাজ্যের মায়ে দো রিও শহরে ইভলিন লিমা দান্তাস নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেল থেকে জামিনে মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়িতে করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ইভলিনের বাড়িতে জোর করে প্রবেশ করে। পরে তার বাবার সামনে দিয়ে তাকে বাড়ির বাইরে ফুটপাতে নিয়ে যায় তারা। সেখানে খুব কাছ থেকে তার মুখ ও শরীর লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির দেয়ালের বাইরে স্প্রে পেইন্ট দিয়ে রিও ডি জেনেরিওর কুখ্যাত অপরাধী চক্র ‘তের্সেইরো কমান্ডো পুরো’র নাম লিখে যায়। তবে এই গ্রাফিতির সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইভলিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন। টিকটক ও ইনস্টাগ্রামে তার কয়েক হাজার অনুসারী ছিল। লাইফস্টাইল ও রূপচর্চাবিষয়ক বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করতেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ ছিল, তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন।
এর আগে গত ২৯ জুলাই মায়ে দো রিও শহরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সাবেক পৌর গার্ড কমান্ডার আন্তোনিও আনিলদো আলভেস দা সিলভাকে একটি সুপারমার্কেটের সামনে চার মুখোশধারী ব্যক্তি গুলি করে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ইভলিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে আদালতে তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় গত শনিবার তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় নিজ বাড়ির কাছেই হত্যাকাণ্ডের শিকার হন এই কনটেন্ট নির্মাতা।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অপরাধের আলামত নষ্ট করা, অপরাধী চক্রের প্রতিশোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পাওয়া গ্রাফিতির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করছেন গোয়েন্দারা।