ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্যসহ মো. লতিফর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকায় লতিফর রহমানের বসতঘরে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় লতিফর রহমানের ঘরের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কোডিন ফসফেটযুক্ত ৪৫টি বোতল উদ্ধার করা হয়।
উদ্ধার করা বোতলের মধ্যে ২০টি ফেন্সিবিলের বোতলে দুই লিটার এবং ২৫টি এসকাফের বোতলে আড়াই লিটার বাদামি তরল পদার্থ পাওয়া যায়। সব মিলিয়ে ৪ দশমিক ৫ লিটার তরল পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার লতিফর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।