নরসিংদীর মাধবদীতে একটি মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, উদ্ধারের পর বস্তুটি শিক্ষক মিলনায়তনের একটি পানিভর্তি পাত্রে ডুবিয়ে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুটি আসলে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা এবং বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদ্রাসা এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে। বিশেষজ্ঞদের পরীক্ষার পর উদ্ধার করা বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।