Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা - Chief TV

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  37 views
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা - Chief TV

মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার আগেই কর্মী নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের চায়না টাউনে অবস্থিত ‘ত্রিপল এ ওভারসিজ’ নামের রিক্রুটিং এজেন্সিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে, গ্রামাঞ্চলের বিদেশগমনেচ্ছু সাধারণ কর্মীদের দালালদের মাধ্যমে ওই এজেন্সির কার্যালয়ে এনে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ডেলিগেট এনে সাক্ষাৎকার নেওয়ার আয়োজন করা হচ্ছিল।

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে কার্যালয়টি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সংগ্রহ করা তিন বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে। জব্দ করা পাসপোর্টগুলো আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। নিয়ম অমান্য করে প্রবাসীদের হয়রানি বা জিম্মি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বায়রার সদস্য ও শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই একটি সংঘবদ্ধ চক্র কর্মী নিয়োগের নামে অবৈধভাবে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ত্রিপল এ ওভারসিজে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: