Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’ - Chief TV

‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’ - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  61 views
‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’ - Chief TV

রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলাম মাওয়া (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বামী সোহেল শিকদারের (৩১) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুক ও পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে মুক্তার ওপর নির্যাতন চালাতেন সোহেল। মৃত্যুর আগে স্ত্রীকে মারধরের একটি ভিডিওও তিনি স্বজনদের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার খিলক্ষেতের ৫ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মুক্তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তাঁকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মুক্তার ছোট ভাই তানভীর রহমানের করা মামলার এজাহার অনুযায়ী, বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে সোহেল তাঁর বোনকে নিয়মিত নির্যাতন করতেন। সর্বশেষ ৩০ আগস্ট মুক্তাকে বেল্ট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনার ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে সোহেল মুক্তাকে নিয়ে যেতে বলেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

তানভীর রহমান বলেন, কয়েক মাস আগে তাঁর কাছে তিন লাখ টাকা চেয়েছিলেন সোহেল। টাকা দিতে দেরি হওয়ায় তাঁর বোনকে মারধর করা হতো। তিনি বলেন, মাকে হারিয়ে মুক্তার দুই সন্তান সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪) সারাদিন কান্নাকাটি করছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মুক্তার সঙ্গে একই এলাকার সোহেল শিকদারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা খিলক্ষেতে বসবাস করতেন। সোহেল প্রথমে মুদি দোকান পরিচালনা করলেও পরে এমব্রয়ডারি ব্যবসায় যুক্ত হন। ব্যবসায় সফলতা না আসার পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক অশান্তি বাড়তে থাকে বলে পরিবারের অভিযোগ।

খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, মুক্তাকে মারধরের যে ভিডিও পাওয়া গেছে, সেটি তাঁর মৃত্যুর তিন দিন আগের। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগে ১৮ হাজার ৬২৬টি কল এসেছে। ২০২৪ সালে এ ধরনের অভিযোগে কল আসে ২৩ হাজার ৩৩টি। এর আগে ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮টি এবং ২০২২ সালে ২১ হাজার ৭১২টি কল পাওয়া যায়। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১২ হাজার ১৬৯টি।


Share: