Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী - Chief TV

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  40 views
মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী - Chief TV

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা এবং আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে একাধিকবার রোগীকে দেখতে অনুরোধ করেন। তবে চিকিৎসক রোগীর কাছে না এসে নিজের কক্ষে ছিলেন বলে অভিযোগ তাদের।

স্বজনদের দাবি, পরে চিকিৎসকের পক্ষ থেকে রোগীকে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শারীরিকভাবে অসুস্থ হাজেরাকে একা কাঁধে করে সেখানে নেওয়া সম্ভব নয় বলে জানান তার স্বামী। এরপর রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে স্বজনরা জানান।

হাজেরা বেগমের স্বামী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসককে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। চিকিৎসকের যথাযথ তৎপরতা থাকলে এমন ঘটনা নাও ঘটতে পারত বলে দাবি করেন তিনি।

তবে চিকিৎসকের পক্ষ থেকে হাসপাতালের কার্ডিওলজি পরামর্শক ডা. জয়ন্ত মালাকার বলেন, রোগীর নিবিড় পরিচর্যা প্রয়োজন ছিল। লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয় বলেও তিনি দাবি করেন।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: