Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত - Chief TV

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত - Chief TV

2026-09-09  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  34 views
মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত - Chief TV

মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে উপকূলীয় অঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আরও সহজ ও গতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৩ আগস্ট অনুষ্ঠিত সভায় রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে মোংলা বন্দরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ এবং দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন ট্রেন চালু হলে মোংলা ও আশপাশের এলাকার মানুষের রাজধানীতে যাতায়াতের ক্ষেত্রে সড়কপথের ওপর নির্ভরতা কমতে পারে।

মোংলা বন্দরকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এ অঞ্চলে পর্যটন ও মানুষের চলাচল বাড়ছে। নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীদের জন্য তুলনামূলক সহজ ও সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই সভায় মোংলা-ঢাকা রুটের পাশাপাশি রেলওয়ের আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিরহাট লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার কার্যক্রম গ্রহণ এবং জামালপুর এক্সপ্রেসকে সার্কুলার রুটে চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নরসিংদী কমিউটার ট্রেনের অব্যবহৃত রেক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর বিষয়ে কারিগরি মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ ও যাত্রীসেবার পরিধি আরও বাড়বে। তবে মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।


Share: