Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মুন্সিগঞ্জ / মুন্সীগঞ্জে ‘ইমাম মাহদি’ দাবি, একদিন পরই ভুল স্বীকার - Chief TV

মুন্সীগঞ্জে ‘ইমাম মাহদি’ দাবি, একদিন পরই ভুল স্বীকার - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  44 views
মুন্সীগঞ্জে ‘ইমাম মাহদি’ দাবি, একদিন পরই ভুল স্বীকার - Chief TV

নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করে মুন্সীগঞ্জে আলোচনার জন্ম দেওয়া আনিস চৌধুরী ওরফে আনিস মিয়া একদিনের মাথায় নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেছেন। একই সঙ্গে ওই বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার পুকুরপাড়া ডিপটি বাড়ি এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সামনে নিজের আগের বক্তব্যের বিষয়ে কথা বলেন আনিস মিয়া।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিরকাদীমে বাবা আদম শহীদ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে স্থানীয় দুটি গণমাধ্যমের সামনে নিজেকে ‘ইমাম মাহদি’ বলে দাবি করেন তিনি। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে মুন্সীগঞ্জজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আনিস চৌধুরী মিরকাদীম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া ডিপটি বাড়ি এলাকার মৃত লুতফর জামান চৌধুরী খোকার ছেলে। তিনি জুলাই আন্দোলনে নিহত মিরকাদীমের শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার বাবা।

বৃহস্পতিবার সকালে আনিস মিয়ার বাড়িতে সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকে তার কাছে আগের বক্তব্যের কারণ জানতে চান এবং ‘ইমাম মাহদি’ দাবি সম্পর্কে প্রশ্ন করেন।

এদিকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় আলেম সমাজের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। তারা কোরআন-হাদিসের আলোকে ইমাম মাহদি সংক্রান্ত আকিদা ও বিশ্বাসের বিষয়টি তুলে ধরে এ ধরনের দাবিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আনিস মিয়া দীর্ঘদিন ধরে তার বাড়িতে ‘তারা মিয়া’ নামে এক ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে একটি মাজারের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বাড়িতে থাকা ওই স্থানে ‘বিসমিল্লাহ বড় আল্লা দরবার শরীফ’ লেখা একটি সাইনবোর্ড রয়েছে বলেও তারা জানান।

তবে আনিস মিয়ার ‘ইমাম মাহদি’ দাবি সত্য কি না, তার কোনো স্বাধীন সত্যতা যাচাই পাওয়া যায়নি। তার বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হলেও এ ধরনের দাবির ধর্মীয় ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় আলেমরা।

পরে বৃহস্পতিবার দুপুরে নিজের আগের বক্তব্যকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চান আনিস মিয়া।

স্থানীয় আলেমরা বলেন, ইমাম মাহদি সংক্রান্ত বিষয়টি ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। তাই কোনো ব্যক্তির দাবিকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Share: