Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / ভোলা / নিজের দাফনের টাকা নিজেই জমিয়েছিলেন ‘মপুর বাপ’ - Chief TV

নিজের দাফনের টাকা নিজেই জমিয়েছিলেন ‘মপুর বাপ’ - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  47 views
নিজের দাফনের টাকা নিজেই জমিয়েছিলেন ‘মপুর বাপ’ - Chief TV

ভিক্ষা করে পাওয়া টাকা একটু একটু করে জমিয়ে রাখতেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। উদ্দেশ্য ছিল, মৃত্যুর পর যেন টাকার অভাবে তার জানাজা, দাফন-কাফন ও কুলখানি থেমে না যায়। শেষ পর্যন্ত নিজের জমানো সেই টাকাতেই সম্পন্ন হয়েছে তার দাফন-কাফনের আয়োজন।

হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরা উপজেলায়। স্থানীয়দের কাছে ‘মপুর বাপ’ নামে পরিচিত ওই বৃদ্ধের প্রকৃত নাম ওয়াহাব পাটোয়ারী। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন ওয়াহাব পাটোয়ারী। সারাদিন বিভিন্ন বাজারে ঘুরে ভিক্ষা করতেন তিনি। ভিক্ষা করে পাওয়া টাকা পলিথিনে মুড়িয়ে রাখতেন এবং নিরাপদে রাখার জন্য স্থানীয় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা দিতেন।

মৃত্যুর পর টাকার অভাবে নিজের দাফন-কাফন না হওয়ার আশঙ্কা থেকেই তিনি এভাবে টাকা জমাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা সেই টাকাই ছিল তার শেষ ইচ্ছার একমাত্র ভরসা।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের কবির বাজারে মেয়ের বাড়িতে মারা যান ওয়াহাব পাটোয়ারী। পরে তার কাছে গচ্ছিত টাকার পুঁটলি খুলে গণনা করে ৮ হাজার ৯৮৫ টাকা পাওয়া যায়।

ওই টাকা দিয়ে দাফনের প্রয়োজনীয় কাপড়সহ অন্যান্য সামগ্রী কেনা হয়। পরে জুমার নামাজের আগে কলাতলী ইউনিয়নের মনির বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও স্থানীয় যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী জানান, ওয়াহাব পাটোয়ারীর নিজের ইচ্ছা অনুযায়ী তার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে দাফনের খরচে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানান, জীবদ্দশায় ওয়াহাব পাটোয়ারী একাই থাকতেন এবং অনেক সময় পথে-ঘাটে রাত কাটাতেন। ভিক্ষা করে পাওয়া সামান্য অর্থের মধ্য থেকেও নিজের শেষ সময়ের কথা ভেবে টাকা জমিয়ে রাখতেন তিনি।

তার মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে বিষয়টি ব্যাপক আবেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওয়াহাব পাটোয়ারীর ইচ্ছা অনুযায়ী তার কুলখানির আয়োজনও সম্মিলিতভাবে করা হবে।


Share: