Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান - Chief TV

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  100 views
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান - Chief TV

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের কয়েক বছর আগের একটি মন্তব্য। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে রসিকতার ছলে বলা সেই কথাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে মজার ছলে সালমান খান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’

সালমানের এই মন্তব্যে তখন স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি আমির খানের তৃতীয় বিয়ের পর সেই পুরোনো ভিডিও আবারও আলোচনায় উঠে এসেছে।

নেটিজেনদের অনেকেই বলছেন, হাস্যরসের ছলে বলা সালমানের মন্তব্যটি সময়ের সঙ্গে যেন নতুন অর্থ পেয়েছে। ফলে পুরোনো সেই ভিডিওতে আবারও ভিড় জমেছে দর্শকদের।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের ছবি প্রকাশের পর অভিনন্দনের পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় নতুন আলোচনা।

এর আগে আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই বলিউড তারকা।

অন্যদিকে, ৬০ বছর বয়সেও বলিউডের অন্যতম আলোচিত অবিবাহিত তারকা সালমান খান। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি এখনো বিয়ে করেননি। আর বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই রসিকতার আশ্রয় নেওয়া সালমানের সেই পুরোনো মন্তব্যই আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


Share: