Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত - Chief TV

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  38 views
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর সফরটি হওয়ার কথা থাকলেও নতুন করে ১ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন করে ১ অক্টোবর ফেনী সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে নেওয়া ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় মানুষের মধ্যে এ নিয়ে উৎসাহের কোনো কমতি নেই।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে। সফরের তারিখ পরিবর্তন হলেও প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় পারিবারিক কার্ড বিতরণ এবং খালেদা জিয়া মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচির প্রস্তুতিও চলছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি অব্যাহত থাকায় নতুন নির্ধারিত ১ অক্টোবরের সফরকে ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয়দের মধ্যে আগ্রহও বাড়ছে।


Share: